দেড় মাসেরও
বেশি সময় ধরে যুদ্ধ চলার পর অবশেষে
শুক্রবার (২৪ নভেম্বর) থেকে প্রথমবারের মতো যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস
ও ইসরায়েল। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত
করেছেন। যুদ্ধবিরতির পর রাফাহ ক্রসিং দিয়ে এরই মধ্যে ত্রাণবাহী ট্রাক চলাচল শুরু
করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির এই চারদিনে গাজায় ৮০০
ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে। প্রতিদিন
২০০টি করে ট্রাক ত্রাণ নিয়ে আসবে। এ ট্রাকগুলোতে চিকিৎসা সরঞ্জাম, খাদ্য, খাবার পানি ও জ্বালানি থাকবে। প্রতিদিন
৪ ট্রাক জ্বালানি গাজায় পৌঁছাবে। তবে ইসরায়েল
চায়, জ্বালানি যেন কোনোভাবেই হামাসের হাতে দেয়া না হয়।
ইসরায়েল অনেক দিন ধরেই গাজায় জ্বালানি প্রবেশ আটকানোর ওপর জোর দিচ্ছিল। কারণ তাদের দাবি, গাজায় জ্বালানি মজুত রয়েছে এবং তা
হামাসের কাছে। এখন তাদের কাছে আরো জ্বালানি পৌঁছালে তারা এটি হামলার কাজে ব্যবহার করতে
পারে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এরপর দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়। পরে কাতারের মধ্যস্থতায় আজ থেকে ৪ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল।










