হামলার শিকার হয়েছে স্ট্রিনডা নামের একটি বাণিজ্যিক জাহাজ। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে এ জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। গতকাল সোমবার (১১ ডিসেম্বর) এ দাবি করেছেন মার্কিন দুই প্রতিরক্ষা কর্মকর্তা। খবর রয়টার্স।

ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটির কিছু অংশে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আল-মান্দাব প্রণালী থেকে প্রায় ১১১ কিলোমিটার উত্তরে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। খবর পেয়ে সাহায্য তৎপরতা চালাতে ঘটনাস্থলে যায় মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস মেসন।

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই স্ট্রিনডা সচল হয়ে গন্তব্যের দিকে যাত্রা করে বলে জানান কর্মকর্তারা।

রাসায়নিক নিয়ে চলা নরওয়ের পতাকাবাহী ট্যাংকারটির মালিকও নরওয়েজিয়ান। তবে তাৎক্ষণিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

গত ৭ অক্টোবর শুরু হওয়া হামাস-ইসরায়েল সংঘাতের পর থেকে্ ইসরায়েল অভিমুখী পণ্যবাহী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা করে আসছে ইরান-সমর্থিত হুতি। তেল আবিবকে বাণিজ্যিকভাবে চাপে ফেলতেই এসব হামলা বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

হামলাগুলোর জন্য বরাবরই ইরানকে দায়ি করে আসছে ইসরায়েল ও তার মিত্ররা। তবে তেহরান সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে আসছে।

এর আগে গত ৯ ডিসেম্বর এক বিবৃতিতে ইসরায়েল অভিমুখী প্রত্যেকটি জাহাজে হামলার হুমকি দেন হুতি নেতারা। আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলোকেও সতর্ক করে দেয়া হয়।

তবে স্ট্রিনডা জাহাজটি ইসরায়েলী বন্দরের দিকে যাচ্ছিল কিনা এ বিষয়ে কোনো তথ্য দেয়নি যুক্তরাষ্ট্র।

বর্তমানে ইয়েমেনের অধিকাংশ অঞ্চল হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা হামাসের লড়াইয়ে বিপন্ন গাজাবাসীর পক্ষে অবস্থান নিয়েছে। ইসরায়েল গাজা ত্যাগ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাবে জানিয়ে দেয়া হয়েছে।