ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূল থেকে অন্তত ৬৯ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ মার্চ) তাদের উদ্ধার করা হয়। এর আগে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। খবর এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি উল্টে যাওয়া নৌকায় তারা আটকা পড়েন। এর আগে বুধবার আরো ছয়জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকারী জাহাজে থাকা একজন এপি ফটোগ্রাফার বলেছেন যে স্থানীয় মাছ ধরার নৌকায় ১০ জন এবং ইন্দোনেশিয়ান নৌযানের মাধ্যমে আরো ৫৯ জনকে উদ্ধার করা হয়েছে।

২০২৩ সালে সাগরে অন্তত ৫৬৯ রোহিঙ্গা মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন, যা ২০১৪ সালের পর সর্বোচ্চ। মূলত দক্ষিণপূর্ব এশিয়ায় ঝুঁকিপূর্ণ পথে ভ্রমণ করার সময় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। বলা হয়েছে, গত বছর যারা ঝুঁকিপূর্ণ পথে অন্য দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করেছে তাদের প্রতি আটজনে একজন হয় মারা গেছেন না হয় নিখোঁজ হয়েছেন।