দক্ষিণ রাশিয়ার লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ওই অভিযানে রোস্তভ অঞ্চলের একটি বিমানঘাঁটিতে ছয়টি রুশ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। খবর বিবিস।

নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়েছে, শুক্রবারের (৫ এপ্রিল) হামলায় আরো আটটি উড়োজাহাজ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ২০ জন সেনা নিহত বা আহত হতে পারেন।

মরজোভস্ক বিমানঘাঁটিতে ইউক্রেনে হামলায় ব্যবহৃত এসইউ-২৭ ও এসইউ-৩৪ যুদ্ধবিমান রাখা হয় বলে একটি সূত্র জানিয়েছে।

বিমানঘাঁটিতে হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে মন্তব্য করা হয়নি। অন্যদিকে বিবিসিও ঘটনাটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

তবে রুশ কর্মকর্তারা বলেছেন, সীমান্তবর্তী অঞ্চলটিতে ইউক্রেনের ৪০টিরও বেশি ড্রোন প্রবেশ করেছিল।

এদিকে ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত ও ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। হতাহতের বিষয়টি ইউক্রেনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

পূর্বাঞ্চলীয় শহর খারকিভও বিমান হামলার শিকার হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার বোমা হামলায় দুজন নিহত হয়েছেন।

জাপোরিঝিয়ায় আঞ্চলিক গভর্নর ইভান ফেডোরভ জানান, রুশ হামলায় বেশ কয়েকটি আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের গণমাধ্যম জানিয়েছে, এ এলাকায় আহতদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক রয়েছেন।

এর আগে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ১৩টি ড্রোন ও পাঁচটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ওডেসা ও দিনিপ্রো অঞ্চলে আক্রমণ করেছে রাশিয়া। সব ড্রোন ধ্বংস করা  হলেও ক্ষেপণাস্ত্র হামলায় জ্বালানি ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে রুশ সৈন্যরা দোনেৎস্ক অঞ্চলে ধীরগতির অগ্রসর অব্যাহত রেখেছে।