গাজা উপত্যকা ও  লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোরে এই হামলা চালায় তেল আবিব। ইসরায়েলের দাবি ওই দুই অঞ্চল থেকে রকেট ছোড়ার প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালিয়েছে।

ইসরায়েল জানিয়েছিল, লেবানন থেকে মোট ৩৪টি রকেট ইসরায়েলকে লক্ষ্য করে ছোঁড়া হয়। এর মধ্যে ২৫টিকে ধ্বংস করা সম্ভব হয়েছে। চারটি রকেট ইসরায়েলে বিস্ফোরণ ঘটিয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এরপরেই ইসরায়েল পাল্টা আক্রমণ শুরু করেছে। তবে তেল আবিব জানিয়েছে, বেসামরিক মানুষ নন, তাদের আক্রমণের মূল লক্ষ্য হামাস।

লেবাননের সরকারি টেলিভিশন জানিয়েছে, দক্ষিণের বন্দর শহর টায়াহ-তে একটি উদ্বাস্তু ক্যাম্পের সামনে বিস্ফোরণ হয়েছে। হতাহতের এখনো কোনো খবর পাওয়া যায়নি।

একইসঙ্গে গাজাতেও আক্রমণ চালিয়েছে ইসরায়েল। চলতি সপ্তাহে ওই অঞ্চলে উত্তেজনা বেড়েছে। গাজার বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় লড়াই হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর। কারণ এই সপ্তাহেই পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে হামলা চালিয়েছিল ইসরায়েল। যা নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে।

ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এ মুহূর্তে ইসরায়েলের অপারেশন শেষ। উত্তেজনা বাড়ুক এখন কেউ চায় না। ওই মুখপাত্র জানান, শান্তির জবাব শান্তির মাধ্যমে দেয়া হবে।