যুক্তরাষ্ট্র তাদের কুটনীতিকদের নিরাপত্তাজনিত কারণে ইসরায়েলে সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দিয়েছে। ইরানে ইসরায়েলের হামলার প্রতিশোধমূলক পাল্টা হামলার উদ্বেগের মধ্যে এই সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন দূতাবাস বলেছে, কর্মীদের বৃহত্তর জেরুজালেমের বাইরে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে তেল আবিব ও বির শেভা এলাকা এ সতর্কতার আওতামুক্ত থাকবে। খবর বিবিসি।
এর আগে ইরান আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ইসরায়েলে হামলা চালাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলা পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হতে পারে। ইহুদি রাষ্ট্রের দক্ষিণ বা উত্তর অংশকে লক্ষ্যবস্তু করতে পারে ইরান। তবে ইরান সরকারের সঙ্গে ঘনিষ্ঠ একজন ব্যক্তি জানান, হামলার পরিকল্পনা সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। অবশ্য হামলা নিয়ে দেশটির নেতাদের মধ্যে আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সশস্ত্র বাহিনীর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কয়েকজন কর্মকর্তাসহ ১৩ জন নিহত হন। এই হামলার জন্য ইসরায়েলকে করছে ইরান। যদিও ইসরায়েল এই হামলায় দায় স্বীকার করেনি। তবে হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।










