ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে অবরুদ্ধ এ ভূখণ্ডটিতে প্রতি ঘণ্টায় ৪ শিশু নিহত হচ্ছে। অনাহার ও পানিশূন্যতায় মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। এরই মধ্যে এক হাজার শিশু তাদের এক বা উভয় পা হারিয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গাজায় অনাহার ও পানিশূন্যতার কারণে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে এখন ৩১ জনে দাঁড়িয়েছে বলে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে। চিকিৎসকরা জানান, অত্যন্ত সীমিত সরবরাহ দিয়েই হাসপাতালের ওয়ার্ডে তীব্র অপুষ্টিতে ভুগছে এমন শিশু এবং ছোট শিশুদের চিকিৎসা করার চেষ্টা করছেন তারা।

এদিকে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বেশ কয়েকটি পোস্ট প্রকাশ করেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস)। এর মধ্যে একটি পোস্টে লেখা ছিল, ‘গাজায় ১ হাজার শিশু তাদের একটি বা উভয় পা হারিয়েছে।’

অন্যদিকে, গাজায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়ে গেছে। ইসরায়েলের টানা ছয় মাস ধরে চলা এই হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৩ হাজার ৩৭ ফিলিস্তিনি নিহত এবং আরো ৭৫ হাজার ৬৬৮ জন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।