মিশরের পর্যটনবান্ধব শহর শার্ম এল-শেখ-এ আগামীকাল সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গাজা শান্তি সম্মেলন’। এতে যৌথভাবে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তবে এ সম্মেলনে কোনো প্রতিনিধি পাঠাচ্ছে না ইসরায়েল। খবর আল জাজিরা।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, সম্মেলনে বিশ্বের প্রভাবশালী দেশের নেতারা অংশ নেবেন। এর সংখ্যা ২০টির মতো হতে পারে বলে জানিয়েছে সিসির কার্যালয়। এতে উপস্থিত থাকবেন জাতিসংঘ প্রধানও।
এতে যোগ দেয়ার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের মুখপাত্র শোশ বেদরোসিয়ান জানিয়েছেন, ইসরায়েল সরকারের কোনো প্রতিনিধি এ সম্মেলনে যোগ দেবে না।
তিনি আরো বলেন, গাজায় বন্দি সব ইসরায়েলি নিজ দেশে ফিরে এলে তবেই ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে দেশটি।
রোববার মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ‘ঐতিহাসিক’ সম্মেলনে 'গাজা উপত্যকার যুদ্ধ বন্ধের' চুক্তি সই হবে। এ সম্মেলনে শান্তি ও নিরাপত্তার নতুন অধ্যায় রচিত হবে এবং গাজার ফিলিস্তিনিদের দুর্দশা কমানোর উদ্যোগ নেয়া হবে।
এদিকে সম্মেলনে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও স্পেনের পেদ্রো সানচেজ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও এতে যোগ দেবেন বলে তাদের নিজ নিজ কার্যালয় থেকে জানানো হয়েছে।
এ ছাড়া ইউরোপীয় কাউন্সিলের এক মুখপাত্র জানান, সংগঠনটির প্রতিনিধিত্ব করবেন সভাপতি আন্তোনিয়া কস্তা। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহও এ সম্মেলনে যোগ দেবেন বলে দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।










