ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ সোমবার (১১ ডিসেম্বর) ওয়াশিংটনে পৌঁছাবেন তিনি। মার্কিন আইনপ্রণেতাদের অনাস্থার মুখে ইউক্রেনে সহায়তা আটকে যাওয়ার কয়েক দিনের মধ্যেই দুই নেতার সম্ভাব্য সাক্ষাতের খবরটি এল। খবর দ্য গার্ডিয়ান।

গতকাল রোববার এক বিবৃতিতে হোয়াইট হাউজ জেলেনস্কির সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়, মঙ্গলবার বাইডেনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত হবে। এর উদ্দেশ্য হলো রাশিয়ার নৃশংস আক্রমণ থেকে কিয়েভের আত্মরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত সমর্থন অর্জন।

আরো বলা হয়, রাশিয়া যখন ইউক্রেনের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, ওই সময় নেতারা ইউক্রেনের জরুরি প্রয়োজন এবং সংকটময় মুহূর্তে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন।

গত সপ্তাহে রিপাবলিকান সিনেটররা ইউক্রেন ও ইসরায়েলের জন্য জরুরি সহায়তার ১০ হাজার ৬০০ কোটি ডলারের বিল আটকে দেয়।

এর আগে সেপ্টেম্বরে ওভাল অফিসে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন বাইডেন। পরের মাসে কংগ্রেসকে ১০ হাজার ৬০০ কোটি ডলারের সম্পূরক তহবিল বিল অনুমোদন করতে বলেছিল হোয়াইট হাউজ।

গতকাল জেলেনস্কির কার্যালয় থেকে টেলিগ্রামে বলা হয়, জেলেনস্কি সোমবার ওয়াশিংটন যাবেন। এ সফরে বিভিন্ন প্লাটফর্মে তিনি বৈঠক করবেন।।

আগামীকাল মঙ্গলবার সকালে ক্যাপিটলে মার্কিন সিনেটরদের সামনে ভাষণ দেয়ার জন্য জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনের সঙ্গে বৈঠকে যোগ দেবেন।

নিউইয়র্কের সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমারের জানান, গত সপ্তাহে ভিডিওর মাধ্যমে মার্কিন সিনেটরদের সঙ্গে আলাপের কথা ছিল জেলেনস্কির। কিন্তু পরে তা বাতিল করা হয়।

কংগ্রেস এর আগে ইউক্রেনের জন্য ১১ হাজার ১০০ কোটি ডলার বরাদ্দ করেছিল। গত সপ্তাহে হাউজ ও সিনেট নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে হোয়াইট হাউজ জানায়, শিগগিরই ইউক্রেনে অস্ত্র ও সহায়তা পাঠানোর জন্য মার্কিন তহবিল শেষ হয়ে যাবে।

এদিকে ইউক্রেন ও ইসরায়েলে সহায়তা বিল আটকে গেলেও কংগ্রেসকে পাশ কাটিয়ে জরুরি এক বিধি অনুসারে তেল আবিবে বিপুলসংখ্যক গোলা পাঠাচ্ছে ওয়াশিংটন।