দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব ধরনের সামরিক চুক্তি স্থগিত করেছে উত্তর কোরিয়া। প্রতিবেশী দেশ দুটির মধ্যে সামরিক উত্তেজনা কমিয়ে আনতে পাঁচ বছর আগে চুক্তিটিতে স্বাক্ষর হয়। গত মঙ্গলবার (২১ নভেম্বর) মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার মূলে রয়েছে এ ঘটনা। খবর বিবিসি।

সীমান্তে নজরদারি চালু করতে পিয়ংইয়ং ওই স্যাটেলাইট মোতায়েন করেছে বলে দাবি দক্ষিণ কোরিয়ার। এর জের ধরে সিউল আংশিকভাবে সামরিক চুক্তি স্থগিত করলে পাল্টা প্রতিক্রিয়ায় এ বিষয়ে সব ধরনের চুক্তি স্থগিত করেন কিম জং উন। এতে দেশ দুটির মধ্যে পুনরায় সামরিক উত্তেজনা বেড়েছে।

চুক্তি স্থগিত করার পাশাপাশি সীমান্তে সামরিক তৎপরতা জোরদার করার ঘোষণাও দিয়েছেন কিম।

এক বিবৃতিতে উত্তর কোরিয়া জানিয়েছে, এখন থেকে আমাদের সেনাবাহিনী সামরিক চুক্তিতে আবদ্ধ থাকবে না। স্থল, সমুদ্র ও আকাশসহ সব ক্ষেত্রে সামরিক সংঘাত প্রতিরোধে নেয়া ব্যবস্থা প্রত্যাহার করা হবে। সীমান্ত অঞ্চলে আরো শক্তিশালী সশস্ত্র ব্যবস্থা মোতায়েন থাকবে।

উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইটটি কক্ষপথে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। তবে নজরদারি শুরু করেছে কিনা এ বিষয়ে নিশ্চিত কোন তথ্য দিতে পারেনি।

অন্যদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনের খবরে বলা হয়, মালিগিয়ং-১ নামের সামরিক স্যাটেলাইটটি সঠিকভাবে মহাকাশের কক্ষপথে প্রবেশ করেছে। এর উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

চলতি বছরে দুই দফা মহাকাশে এমন নজরদারি উপগ্রহ স্থাপনে ব্যর্থ হয় উত্তর কোরিয়া। অবশেষে তৃতীয় দফায় সাফল্য পেল।