ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। এ নিয়ে টানা দুই রাত শহরটিতে হামলা চালিয়ে যাচ্ছে দেশটির সামরিক বাহিনী। কয়েক সপ্তাহ বিরতি দেয়ার পর আবারো রাজধানীতে আক্রমণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন। খবর রয়টার্স।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেয়া এক বার্তায় কিয়েভের সামরিক প্রধান সের্হি পপকো বলেন, ‘একাধিকবার ইউএভির (মানবহীন আকাশযান) মাধ্যমে আকাশ পথে কিয়েভের ওপর আক্রমণ করা হয়েছে। বিভিন্ন দিক থেকে আক্রমণ করা হয়েছে এবং গতিপথ পরিবর্তন করা হয়েছে। যে কারণে বেশ কয়েকবার বিমান হামলার বিষয়ে সতর্ক বার্তাও দেয়া হয়েছে।’
ইউক্রেনের বিমান বাহিনী বলেছে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভ, পোলতাভা ও চেরকাসি অঞ্চলে রাশিয়ার উৎক্ষেপণ করা ১৫-২০টি শাহেদ কামিকাজি ড্রোন ধ্বংস করেছে। হামলায় গুরুতর ক্ষয়ক্ষতি বা হতাহতের প্রাথমিক কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানিয়েছেন সের্হি।
তিনি আরো জানান, কিয়েভ ও এর উপকণ্ঠে প্রায় ১০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।










