হামাসের হামলার দশদিনেও গাজায় ইসরায়েলের বোমা বর্ষণ অব্যাহত রয়েছে। হামলা থেকে বাদ পড়েনি জাতিসংঘের শরণার্থী শিবির। আজ সোমবার (১৬ অক্টোবর) চালানো এ হামলায় চারজন নিহত হয়েছে, যাদের মধ্যে তিনজনই শিশু।

আলজাজিরা লাইভ আপডেটে আরো জানায়, এর আগে গাজায় আরেকটি হামলায় একই পরিবারের ১৬ জন নিহত হয়েছে।

প্রতিবেদন অনুসারে, নুসিরাত ক্যাম্পে অবস্থিত ফারাজ পরিবারের বাড়িতে বোমাবর্ষণ করা হয়। এছাড়া গাজার বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে সিরিজ হামলা করা হয়েছে।

এদিকে গাজায় কাজ করা জাতিসংঘের কর্মীরা গতকাল রোববার ইসরায়েলি বোমাবর্ষণের কারণে গাজা উপত্যকার পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ বলে বর্ণনা করেন। তারা আশ্রয়কেন্দ্রে শিশু, গর্ভবতী মহিলা ও বয়স্কদের জন্য দ্রুত খাদ্য, পানি ও ঔষধ সরবরাহের আবেদন জানান।

গত ৭ অক্টোবর অতর্কিত ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ার মাধ্যমে লড়াই শুরু করে হামাস। এর পর যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গাজার কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহত বেড়ে ২ হাজার ৬৭০ জনে দাঁড়িয়েছে। যাদের এক চতুর্থাংশই শিশু। এছাড়া আহত মানুষের সংখ্যা ১ হাজার এবং আরো ১ হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।