ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটিতে তাদের স্থল অভিযান অব্যাহত রেখেছে এবং সেখানকার বাসিন্দাদের দ্রুত শহর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদ্রাই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে গাজা সিটির বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, ‘হামাস ও অন্যান্য সংগঠনের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি প্রয়োগ করা হবে।’ এ হুমকির পর বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে বাসিন্দাদের মধ্যে স্থায়ী বাস্তুচ্যুতির আশঙ্কা বাড়ছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত আগস্টের শেষ নাগাদ গাজা সিটি ও তার আশপাশ এলাকায় প্রায় ১০ লাখ মানুষ বসবাস করছিল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আগস্টের পর থেকে প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ শহর ছেড়ে চলে গেছে। অন্যদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীও বলছে, শহর ছেড়ে চলে যাওয়া বাসিন্দাদের সংখ্যা অন্তত ৪ লাখ ৫০ হাজার।
গত মঙ্গলবার স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। দুই বছর ধরে গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হওয়া এবং জাতিসংঘ ঘোষিত দুর্ভিক্ষের মধ্যেও এ অভিযান চলছে। এ হামলা এমন এক সময় শুরু হয়েছে, যখন কয়েকটি পশ্চিমা দেশ আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের এক সম্মেলনে ফিলিস্তিনকে একক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করছে।
স্থানীয়রা জানান, জায়তুন, তুফফাহ, শেজাইয়া শেখ আল-রাদওয়ানসহ বিভিন্ন এলাকার ভবন ধ্বংস করা হয়েছে। স্যাটেলাইট চিত্রে শেখ আল-রাদওয়ানের বহু ভবনের ক্ষতি স্পষ্ট দেখা যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।
গাজার ব্যাংক কর্মী শাদি সালামা আল-রাইয়েস আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘এ ধ্বংসযজ্ঞের লক্ষ্য হলো ফিলিস্তিনিদের গাজা সিটি থেকে স্থায়ীভাবে উৎখাত করা।’ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ওএইচসিএইচআর একই ধরনের উদ্বেগ প্রকাশ করে বলেছে, ‘ইচ্ছাকৃতভাবে জনগণকে বাস্তুচ্যুত করার প্রচেষ্টা জাতিগত নিধনেরই নামান্তর।
ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি
গাজায় যুদ্ধ বন্ধের আন্তর্জাতিক আহ্বানের মধ্যেই যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইসরায়েলের কাছে আরো ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। রয়টার্স জানিয়েছে, এ নতুন চালানে ৩০টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ও ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকল বা ট্যাংক রয়েছে। হেলিকপ্টার ও ট্যাংকগুলোর মূল্য ধরা হয়েছে যথাক্রমে ৩৮০ কোটি ও ১৯০ কোটি ডলার। বাকি ৭০ কোটি ডলার ধরা হয়েছে হেলিকপ্টার ও ট্যাংকের যন্ত্রাংশ ও গোলাবারুদ বাবদ।
প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর নির্দেশে সম্প্রতি পুরো গাজা দখলের অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী। প্রস্তাবিত নতুন চালানের সমরাস্ত্রগুলো এ অভিযানে কাজে লাগানো হবে বলে ধারণা করা হচ্ছে।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার দাবিতে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ফ্রান্স ও সৌদি আরব। এরই মধ্যে পর্তুগাল ঘোষণা দিয়েছে যে তারা আজ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এর আগে গত বছর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়েও।
বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্যদেশের মধ্যে হাতে গোনা কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান ও ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে তেলআবিব তার মিত্র অনেক দেশের কাছ থেকেও তীব্র সমালোচনার মুখে পড়েছে। কিছু পশ্চিমা দেশ ইসরায়েলি মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং অস্ত্র সরবরাহ বন্ধের কথাও ভাবছে।










