মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখার
অনুরোধ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল সোমবার (১১ ডিসেম্বর)
ওয়াশিংটনে পৌঁছান তিনি। আজ মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে
জেলেনস্কির। খবর বিবিসি।
গতকাল মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে
এক বৈঠকে জেলেনস্কি জানান, ইউক্রেন শুধুমাত্র নিজের দেশের জন্য লড়াই করছে না। তারা
বৈশ্বিক গণতন্ত্র উদ্ধারে কাজ করছে।
ওই সময় কংগ্রেসে ইউক্রেনের জন্য সহায়তা
প্যাকেজ আটকে দেয়ার বিষয়টিও তোলেন। রিপাবলিকানদের উদ্দেশ করে জেলেনস্কি বলেন, কিয়েভের
জন্য সহায়তা প্যাকেজটি আটকে দেয়ার মানে হচ্ছে ভ্লাদিমির পুতিনের স্বপ্নকে বাস্তবে রূপ
দেয়া।
এছাড়া বাইডেনের সঙ্গে বৈঠক শেষে মার্কিন
প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান নেতা মাইক জনসনের সঙ্গেও দেখা করবেন ইউক্রেনের
নেতা।
ইউক্রেনে রুশ হামলার পর থেকে এটি জেলেনস্কির
তৃতীয় মার্কিন সফর। অন্যদিকে হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই প্রেসিডেন্ট
ইউক্রেনে জরুরি সহায়তার বিষয়ে আলোচনা করবেন। চলমান সংকটময় মুহূর্তে যুক্তরাষ্ট্রের
সমর্থন অব্যাহত থাকার গুরুত্ব নিয়েও কথা বলবেন তারা।
গত সপ্তাহে ইউক্রেনের জন্য ছয় হাজার
কোটি ডলারের একটি সহায়তা প্রস্তাব আটকে দেয় মার্কিন সিনেট। ওই সময় এ প্যাকেজে ছাড়ের
জন্য মার্কিন-মেক্সিকো সীমান্তে নিরাপত্তা তহবিল পাসের শর্ত জুড়ে দেন রিপাবলিকান আইনপ্রণেতারা।
এর আগে সেপ্টেম্বরে ওভাল অফিসে জেলেনস্কির
সঙ্গে সাক্ষাৎ করেন বাইডেন। পরের মাসে কংগ্রেসকে ১০ হাজার ৬০০ কোটি ডলারের সম্পূরক
তহবিল বিল অনুমোদন করতে বলেছিল হোয়াইট হাউজ।
কংগ্রেস এর আগে ইউক্রেনের জন্য ১১ হাজার
১০০ কোটি ডলার বরাদ্দ করেছিল। গত সপ্তাহে হাউজ ও সিনেট নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে
হোয়াইট হাউজ জানায়, শিগগিরই ইউক্রেনে অস্ত্র ও সহায়তা পাঠানোর জন্য মার্কিন তহবিল
শেষ হয়ে যাবে।
অবশ্য ইউক্রেন ও ইসরায়েলে সহায়তা বিল
আটকে গেলেও কংগ্রেসকে পাশ কাটিয়ে জরুরি এক বিধি অনুসারে তেল আবিবে বিপুলসংখ্যক গোলা
পাঠাচ্ছে ওয়াশিংটন।










