হামাস সঙ্গে সংঘাতের শুরুতে আকাশপথে জবাব দিয়ে আসছিল ইসরায়েল। পরবর্তীতে ব্যাপক প্রস্তুতি নিয়ে স্থল অভিযানে নামে প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এরই মধ্যে সংঘাত শুরুর দুই মাসের বেশি পার হয়ে গেছে। এখন বলা হচ্ছে, আরো ৪৫ দিন বা দেড় মাস পর্যন্ত গড়াতে পারে ইসরায়েলি স্থল হামলা। গতকাল সোমবার (১১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন তেল আবিবের এক সামরিক বিশেষজ্ঞ। খবর আনাদোলু। 

স্থানীয় সংবাদমাধ্যম হারেৎজের মতামত কলামে আমোস হারেল জানিয়েছেন, গাজায় অভিযান শেষ করতে ইসরায়েলি সৈন্যদের আরো দেড় মাস সময় লাগতে পারে। তবে মার্কিন প্রশাসন আশা করে, আগামী তিন সপ্তাহের মধ্যেই শেষ হবে অভিযান।

ইসরায়েলি সৈন্যরা গাজার দক্ষিণাঞ্চলে অভিযান শুরু করবে কিনা সে বিষয়েও তিনি ইঙ্গিত দেন। রাফা সীমান্ত ও ওই এলাকায় অবস্থিত শরণার্থী শিবিরগুলোর কথা উল্লেখ করেন ওই সামরিক বিশষজ্ঞ।

হারেল বলেন, গাজায় আকাশ ও স্থল এবারের অভিযান পর্ব শেষ হলে আরো বৃহৎ পরিসরে হামলার তৃতীয় পর্ব শুরু করবে আইডিএফ। তবে তৃতীয় পর্বের হামলা ইসরায়েলি বাহিনীর জন্য জটিল হবে।

কারণ হিসেবে উল্লেখ করেছেন, পরবর্তী হামলার মাধ্যমে ইসরায়েলকে জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে হবে এবং হামাসকে আত্মসমর্পণে বাধ্য করতে হবে। এছাড়া ইসরায়েলি নাগরিকদের প্রতিক্রিয়াকে গুরুত্ব দিতে হবে।

সংঘাতের পর থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেশ কয়েকবার স্পষ্ট করেছেন, যুদ্ধের পর গাজায় ফিলিস্তিনের কোনো ভূমিকা থাকবে না। অন্যদিকে হামাসকে সেখান থেকে নির্মুলের ঘোষণাও দিয়ে রেখেছেন। তাই হামাস-ইসরায়েল সংঘাত আরো জটিলতার দিকে যাচ্ছে বলে মনে করেন ওই বিশেষজ্ঞ।

৭ অক্টোবরের আক্রমণের পর গাজায় হামাস নির্মুলের ঘোষণা দেয় ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, যুদ্ধের দুই মাসে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ১৮ হাজার ২০৫ ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় পঞ্চাশ হাজর। হতাহতের প্রায় ৭০ শতাংশ নারী ও শিশু।