ব্রিকস জোটের নীতি সমর্থনকারী দেশের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারী দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেয়া পোস্টে ট্রাম্প বলেন, কোনো দেশ ব্রিকসের যুক্তরাষ্ট্রবিরোধী নীতির সঙ্গে যুক্ত হলে তাদের ওপর বাড়তি ১০ শতাংশ শুল্ক চাপানো হবে। এই নীতির কোনো ব্যতিক্রম হবে না। খবর বিবিসি।
দীর্ঘদিন ধরেই ব্রিকসের সমালোচনা করে আসছেন ট্রাম্প। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত হয় ব্রিকস। পরবর্তীতে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যোগ দিয়ে জোটটি ব্রিকস+ হয়েছে।
এই জোট মূলত সদস্য দেশগুলোর আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করে যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপকে চ্যালেঞ্জ জানানোর লক্ষ্যেই গঠিত। ব্রিকস সদস্যরা যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির সমালোচনার পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও প্রধান মুদ্রাগুলোর বিনিময় হার নির্ধারণ পদ্ধতিতে সংস্কারের প্রস্তাব দেয়ার পরই ট্রাম্পের এই মন্তব্য এলো।
এর আগে ২০২৪ সালে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ব্রিকস দেশগুলো যদি মার্কিন ডলারের বিকল্প হিসেবে নিজস্ব মুদ্রা চালুর দিকে এগোয়, তবে তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
ব্রাজিলের রিও ডি জেনিরোতে ব্রিকস নেতাদের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। রোববার ব্রিকস দেশগুলোর অর্থমন্ত্রীদের এক যৌথ বিবৃতিতে শুল্ককে বিশ্ব অর্থনীতির জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়। এতে বলা হয়, শুল্ক 'আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমে অনিশ্চয়তা' তৈরি করছে। এছাড়া, ব্রিকস নেতারা গত জুনে ইরানের ওপর সামরিক হামলারও নিন্দা করেছেন। তারা এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে সমালোচনা করেছেন।










