ফের বড় ধরনের ধাক্কা খেল মিয়ানমারের সেনাবাহিনী। কয়েক সপ্তাহের তুমুল লড়াই শেষে থাইল্যান্ড সীমান্তবর্তী মিয়ানমারের মায়াওয়াদ্দি শহরের পরিপূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। জান্তাবিরোধী হামলার পর বৃহস্পতিবার সেখান থেকে প্রায় ২০০ সেনাসদস্য একটি সেতু দিয়ে থাইল্যান্ডে পালিয়েছেন। খবর রয়টার্স।

মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের মুখপাত্র কিয়াও জাও বলেন, ‘মায়াওয়াদ্দিতে অবশিষ্ট সামরিক ঘাঁটি দখল করেছে কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) নেতৃত্বাধীন যৌথ প্রতিরোধ বাহিনী। এটি আমাদের বিপ্লবের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয়। কারণ মায়াওয়াদ্দি জান্তার জন্য একটি গুরুত্বপূর্ণ সীমান্ত শহর, যা জান্তা সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস।’

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে মিয়ানমার জান্তা সরকারের মুখপাত্র কোনো মন্তব্য করেনি।

মায়াওয়াদ্দির ওপর হামলায় নেতৃত্বদানকারী জান্তাবিরোধী গোষ্ঠী কেএনইউর মুখপাত্র সাও টাও নি বলেন, ‘প্রায় ২০০ পলাতক মিয়ানমার সেনা থাইল্যান্ডের একটি সীমান্ত ক্রসিংয়ে জড়ো হয়েছিল।’ নিউজ আউটলেট খিত থিট জানিয়েছে, সেনাদের আশ্রয় দেবে কিনা সে সিদ্ধান্ত নিতে তাদের সঙ্গে আলোচনা করছে থাই কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, বিভিন্ন ফ্রন্টে বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে মিয়ানমারের সামরিক সরকার। গত অক্টোবর থেকে বিদ্রোহী গোষ্ঠীগুলো চীনা সীমান্তের কাছে সমন্বিত আক্রমণ শুরু করেছে। তার পর থেকে সীমান্ত এলাকায় ধারাবাহিকভাবে পরাজিত হচ্ছে জান্তা বাহিনী।