ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরো ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো শতাধিক। নিহতদের মধ্যে ফিলিস্তিনি ৬ ভাইও রয়েছেন, যারা স্বেচ্ছাসেবক হিসেবে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের খাবার সরবরাহ করছিলেন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫০ হাজার ৯৫০ জনে পৌঁছে গেছে। খবর আল জাজিরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গাজা শহরের আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বোমা হামলার পর চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার কারণে এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে এই ইসরায়েলি হামলার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরো ১১১ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ১৫৬ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।