গাজায় ইসরায়েলি
হামলায় গত প্রায় ছয় মাসে এক লাখের বেশি মানুষ হতাহত হয়েছে। ইসরায়েলের হামলায় অন্তত
৩৩ হাজার ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৫ হাজার ৭৫০ জন।
গত ৭ অক্টোবর
হামাসের আকস্মিক হামলার পর অভিযান শুরু করে ইসরায়েল, যা এখনো চলছে। হতাহতদের মধ্যে
অধিকাংশই নারী ও শিশু। টানা হামলায় গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উপত্যকার ২৩
লাখ জনগোষ্ঠী নিজেদের বাড়ি থেকে উচ্ছেদের শিকার হয়েছেন বাধ্য হয়ে। জাতিসংঘ বলেছে, যুদ্ধের
কারণে গাজায় নজিরবিহীন মানবিক সংকট দেখা দিয়েছে। ১০ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি।
এদিকে গাজায়
প্রায় ছয় মাসের আগ্রাসনে বিশ্বে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরায়েল। সংঘাত বন্ধে নিজের
সমর্থকদের কাছ থেকে ক্রমবর্ধমান চাপে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া
ইউরোপের দেশগুলোও অনতিবিলম্বে গাজায় হামলা বন্ধে চাপ দিয়ে আসছে। তবে এখন পর্যন্ত চাপ
উপেক্ষা করে নিজের লক্ষ্যে অটল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি,
ইসরায়েলের অস্তিত্বের জন্য হামাস হুমকি এবং দীর্ঘ শান্তি স্থাপনের আগে হামাসকে ধ্বংস
করতে হবে।
এদিকে গাজা
উপত্যকায় যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি নিয়ে এ সপ্তাহান্তে আলোচনা হতে যাচ্ছে। হামাসকে
এ আলোচনায় রাজি করাতে চাপ দেয়ার জন্য মিসর ও কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন
প্রেসিডেন্ট জো বাইডেন। কায়রোয় হতে যাওয়া নতুন দফা এ আলোচনার আগে শুক্রবার এ আহ্বান
জানিয়েছেন তিনি।
এক মার্কিন
কর্মকর্তা জানিয়েছেন, কায়রোয় অনুষ্ঠেয় এ আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব
দেবেন সিআইএ পরিচালক বিল বার্নস।
বাইডেন প্রশাসনের
এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং কাতারের
আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে জিম্মি আলোচনার বিষয়ে চিঠি লিখেছেন বাইডেন। একই
সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ‘তাদের একটি চুক্তিতে রাজি হওয়া ও সেটি মেনে চলার বিষয়ে
হামাসের কাছ থেকে নেয়া প্রতিশ্রুতি রক্ষা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন।’
বৃহস্পতিবার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন বাইডেন। এ
সময় তারা চলমান জিম্মি আলোচনা এবং কায়রোয় হতে যাওয়া আলোচনার বিষয়েও কথা বলেন।
হোয়াইট
হাউজের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব একটি চুক্তিতে
পৌঁছনোর লক্ষ্যে কায়রোয় অংশ নিতে যাওয়া আলোচকদের ক্ষমতায়নের ব্যাপারেও নেতানিয়াহুকে
তাগিদ দিয়েছেন বাইডেন।
সাম্প্রতিক
প্রস্তাবের অধীনে হামাসের হাতে আটক অসুস্থ, বয়স্ক ও আহত জিম্মিদের মুক্তির বিনিময়ে
ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতির প্রস্তাব রাখা হয়েছে। এতে ইসরায়েল ও হামাস সম্মত হবে
বলে আশা করা হচ্ছে।










