ভিয়েতনামের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র। চীনের অগ্রযাত্রা ঠেকাতে বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন। খবর রয়টার্স।
দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে ভিয়েতনাম গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে প্রথমবারের মতো ভিয়েতনাম সফর করেন অ্যান্টনি ব্লিংকেন। সফরকালে তিনি ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের সঙ্গে সাক্ষাৎ করেন। বিগত দশকে ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে অসাধারণ অগ্রগতি হয়েছে বলে ব্লিংকেন জানান।
দুটি দেশের আনুষ্ঠানিক অংশীদারত্বের ১০ বছর পূর্তি হয়েছে। তা উল্লেখ করে প্রতিবেদকদের ব্লিংকেন জানান, দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো উঁচুতে নিয়ে যেতে পারবে বলে ওয়াশিংটন আশা করছে।
গত মাসে ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধান নগুয়েন ফু ট্রংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ফোনালাপ হয়েছিল। সে আলাপের পর ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনও একই রকম আশাবাদ জ্ঞাপন করেছিলেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের আধিপত্য খর্ব করতে একটি জোট গঠনে যুক্তরাষ্ট্র বাধার সম্মুখীন হচ্ছে। তাইওয়ানের বিরুদ্ধে বেইজিংয়ের সম্ভাব্য আক্রমণ প্রতিরোধেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না যুক্তরাষ্ট্র। এ অঞ্চলের অধিকাংশ দেশই তাদের শক্তিশালী প্রতিবেশীকে চটাতে চায় না। চীন সামরিকভাবে শক্তিশালী। পাশাপাশি এটি মূল বাণিজ্য অংশীদার এবং বিনিয়োগের সবচেয়ে বড় উৎস। তবে চীনকে অসন্তুষ্ট না করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করা ভিয়েতনামের জন্য কঠিন নয়। কিন্তু দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান সামরিক আধিপত্য নিয়ে ভিয়েতনাম শঙ্কিত।










