১০ দিন আগে ইসরায়েল সিরিয়ায় ইরানের দূতাবাসে
হামলা চালায়। আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে পারে তেহরান। ইরান পাল্টা
আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এ পরিস্থিতিতে ইসরায়েলকে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বুধবার হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ প্রতিশ্রুতির কথা জানান বাইডেন। খবর বিবিসি।
জো বাইডেন আরো বলেন, ইসরায়েলের নিরাপত্তা রক্ষার জন্য আমরা যা যা করতে পারি তার
সবই করব।
এর আগে বুধবার ইরানের নেতা বলেন, দামেস্কে ইসরায়েলি হামলা ইরানের ওপর হামলার সমতুল্য।
আয়াতুল্লাহ আলী খামেনি একটি টেলিভিশন ভাষণে বলেন, যখন তারা আমাদের দূতাবাসে আক্রমণ
করেছিল, তখন মনে হয়েছিল তারা আমাদের দেশে আক্রমণ করেছিল। খারাপ শাসকদের অবশ্যই শাস্তি
পেতে হবে এবং তারা শাস্তি পাবে।
ইরান সরাসরি ইসরায়েলে আঘাত করলে সংঘর্ষের ঝুঁকি আরো বাড়বে এবং বিশ্লেষকরা বলেছেন,
সংঘাতের জন্য ইরানের যথেষ্ট সামরিক সক্ষমতাও নেই।
রোববার একজন ইরানি কর্মকর্তা সতর্ক করে দিয়েছিলেন যে ইসরায়েলের দূতাবাসগুলো নিরাপদ নয়, এবং দূতাবাস সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে
পারে। এছাড়া বিশেষজ্ঞরা বলছেন, ইরান সাইবার হামলার মাধ্যমেও ইসরায়েলকে লক্ষ্যবস্তু
করতে পারে।
উল্লেখ্য, ১ এপ্রিল ইরানের দূতাবাসে হামলায় ইরানের সিনিয়র সামরিক নেতাসহ ১৩ জন নিহত হয়েছেন। ইসরায়েল হামলার দায় স্বীকার করেনি, তবে এর পেছনে তাদের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।










