গাজা ও মিসরের সীমান্তে যোগাযোগের একমাত্র পথ রাফাহ ক্রসিং বর্ডার খুলে দিয়েছে মিসর। তাতে মিসর থেকে ত্রাণবাহী প্রথম  ট্রাক গাজায় প্রবেশ করেছে। আজ শনিবার (২১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে আল-জাজিরা।

গণমাধ্যমের দেয়া হামাসের এক বিবৃতিতে বলা হয়, আজ ২০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করবে। যাতে খাদ্য প্রয়েজনীয় খাবার , পানি ও ওষুধ রয়েছে । তবে এতে কোনো ধরনের জ্বালানি নেই ।

গাজার ২৩ লাখ মানুষ দীর্ঘদিন ধরেই ত্রাণ সহায়তার ওপর নির্ভরশীল। ২০০৭ সালে হামাস নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই এলাকাটি এক প্রকার অবরুদ্ধ করে রেখেছে মিসর ও ইসরায়েল। ওই এলাকার সঙ্গে মিসর ও ইসরায়েল ছাড়া অন্য কোনো দেশের স্থল সীমান্ত নেই।

সম্প্রতি হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ শুরুর আগে প্রতিদিন গাজায় ৪৫০টি ট্রাক ত্রাণ নিয়ে যেত। তবে এই মুহূর্তে এলাকাটি ইসরায়েলি বোমাবর্ষণের আওতায় রয়েছে। প্রতিদিনই সেখানে বোমা হামলা করছে ইসরায়েল। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলার পর ওই এলাকায় বিদ্যুৎ, পানি ও খাদ্য সরবরাহ বন্ধ রয়েছে। ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে গাজা কর্তৃপক্ষ।