ভারতের বেঙ্গালুরু শহরে গ্যাস সংকটের কারণে আগামীকাল মঙ্গলবার থেকে হোটেল-রেস্তোরাঁ বন্ধের ঘোষণা দিয়েছে বেঙ্গালুরু হোটেল অ্যাসোসিয়েশন। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষিতে শহরের অনেক হোটেল এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সোমবার (৯ মার্চ) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বেঙ্গালুরু হোটেল অ্যাসোসিয়েশন। খবর ইন্ডিয়া টুডে।
বিবৃতিতে বেঙ্গালুরু হোটেল অ্যাসোসিয়েশন দাবি করেছে, তেল কোম্পানিগুলো আগামী ৭০ দিন এলপিজি সরবরাহে কোনো সমস্যা হবে না—এমন আশ্বাস দেয়ার পরও হঠাৎ বাণিজ্যিক গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। এতে বেঙ্গালুরুজুড়ে হোটেল মালিকদের মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে।
হোটেল মালিকরা সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীদের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। তারা অবিলম্বে বাণিজ্যিক এলপিজি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান। অন্যথায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে তারা সতর্ক করেছেন।
তারা জানিয়েছে, হোটেল-রেস্তোরাঁ বন্ধের কারণে সাধারণ মানুষ, প্রবীণ নাগরিক, শিক্ষার্থী এবং চিকিৎসা পেশাজীবীদের মতো অনেকেই সমস্যায় পড়তে পারেন। কারণ প্রতিদিনের খাবারের জন্য তাদের বড় একটি অংশ হোটেল ও রেস্তোরাঁর ওপর নির্ভরশীল।
অ্যাসোসিয়েশন জানিয়েছে, নিয়মিত এলপিজি সরবরাহ ছাড়া হোটেলের রান্নাঘর পরিচালনা করা সম্ভব নয়। তাই গ্যাসের ঘাটতির কারণে শহরের অনেক হোটেল আগামীকাল মঙ্গলবার থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।










