ইউক্রেনে রুশ হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পরিকল্পনাসংক্রান্ত বিভিন্ন গোপন নথি সামাজিক যোগাযোগমাধ্যমে অব্যাহতভাবে প্রকাশ পাচ্ছে। এ ঘটনায় নড়েচড়ে বসেছে ইউক্রেন। সামরিক তথ্য ফাঁস ঠেকানোর উপায় নিয়ে আলোচনায় বসেছেন দেশটির নেতারা। অন্যদিকে এসব নথি ফাঁসের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত করছে পেন্টাগনও। খবর এপি ও রয়টার্স।
রুশ বাহিনীর বিরুদ্ধে শিগগিরই বড় ধরনের পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন। এ অভিযানে ইউক্রেনকে কীভাবে সাহায্য করা যায়, সে পরিকল্পনা করছিল যুক্তরাষ্ট্র ও ন্যাটো। যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স বলছে, গোপন নথিগুলো এক সপ্তাহ আগে টুইটার ও টেলিগ্রামে ফাঁস হয়। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, প্রকাশিত নথির অনেক কিছু পাল্টানো হয়েছে। একটি অংশে যুদ্ধে ইউক্রেনের নিহত সেনাদের সংখ্যা পশ্চিমাদের দাবি থেকে অনেক বাড়িয়ে বলা হয়েছে। একইভাবে কমানো হয়েছে রাশিয়ার নিহত সেনাদের সংখ্যা।
যদিও ইউক্রেনের নথি ফাঁসের ঘটনাকে রাশিয়ার অপপ্রচার বলে উল্লেখ করেছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তা মিখাইল পডোলিয়াক বলেছেন, এটি রাশিয়ার গোয়েন্দা সংস্থার স্বাভাবিক কর্মকাণ্ড, এর বাইরে কিছু না। নিজেদের আক্রমণ জোরদার করতে রাশিয়া যেকোনো উপায় গ্রহণ করবে। ইউক্রেনীয় পাল্টা আক্রমণ নিয়ে সংশয় ছড়ানোর প্রচেষ্টাও হতে পারে এটি।
ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থার মুখপাত্র আন্দ্রি ইউসব বলেছেন, ফাঁস হওয়া নথিটি অপপ্রচার হতে পারে। এটি একেবারে কাল্পনিক। কোনো গোপন নথি ফাঁস হয়নি। এসব নথি ভুলে ভরা ও কিছু তথ্য নেয়া হয়েছে উন্মুক্ত সূত্র থেকে।
নথি ফাঁস হয়নি দাবি করলেও শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ও শীর্ষ সামরিক কর্মকর্তারা কিয়েভে একটি বৈঠকে মিলিত হন। বৈঠকে সামরিক তথ্য ফাঁস হওয়া ঠেকানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের একটি বিবৃতিতে নথি ফাঁসের কোনো ঘটনা উল্লেখ করা হয়নি। এমনকি নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সহযোগিতা পরিকল্পনা অনলাইনে ছড়িয়ে পড়ার বিষয়েও কোনো মন্তব্য করা হয়নি।
এদিকে যুদ্ধের পরিকল্পনাসংক্রান্ত গোপন নথি ফাঁসের দাবিটি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রও। পেন্টাগনের উপমুখপাত্র সাবরিনা সিং বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোর বিষয়ে আমরা জেনেছি। প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে।’
প্রসঙ্গত, ফাঁস হওয়া এসব নথিতে উঠে এসেছে অস্ত্র সরবরাহ, যুদ্ধরত ইউক্রেনীয় ব্যাটালিয়নের সক্ষমতা ও অন্য আরো সংবেদনশীল তথ্যের বিস্তারিত। এসব নথি অন্তত পাঁচ সপ্তাহ আগের। সাম্প্রতিক নথিগুলোও গত ১ মার্চের। তবে এসব নথিতে কবে থেকে রুশ বাহিনীর বিরুদ্ধে হামলা শুরু হবে তা অথবা অভিযানসংক্রান্ত পরিকল্পনার নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ পায়নি। নথিগুলোর মধ্যে একটিতে ‘অতি গোপনীয়’ লেখা ছিল। গোপনীয় এ নথিটি রাশিয়ার সরকারপন্থী টেলিভিশন চ্যানেলগুলো ব্যাপকভাবে প্রচার করছে।










