বিশ্বখ্যাত জার্মান দার্শনিক এবং সমাজবিজ্ঞানী য়ুর্গেন হেবারমাস আর নেই। দেশটির প্রকাশনা সংস্থা সারক্যাম্প জানিয়েছে, মিউনিখের কাছে স্টার্নবার্গ শহরে মৃত্যুবরণ করেছেন ৯৬ বছর বয়সী এ দার্শনিক। খবর ডয়চে ভেলে।

য়ুর্গেন হেবারমাস ছিলেন বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী চিন্তাবিদদের মধ্যে অন্যতম। তিনি জীবনের শেষ সময় পর্যন্ত সক্রিয় ছিলেন এবং নিয়মিতভাবে রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে জোরালো বক্তব্য রাখতেন।

২০১৫ সালের শরণার্থী সংকটের সময় আশ্রয়ের অধিকারের পক্ষে দাঁড়ানো এবং ডানপন্থী জনতুষ্টিবাদ ও জাতীয়তাবাদের উত্থানের মুখে একটি ঐক্যবদ্ধ ইউরোপীয় ইউনিয়নের সপক্ষে কথা বলা হেবারমাস জীবনের শেষ পর্যন্ত উন্মুক্ত ও শক্তিশালী গণতন্ত্রের কসমোপলিটন বা বিশ্বজনীন আদর্শের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।

২০১৮ সালে 'জার্মান-ফরাসি মিডিয়া পুরস্কার'-এ ভূষিত হন হেবারমাস। এর পরের বছর 'দিস টু অ্যা হিস্ট্রি অব ফিলোসফি' নামে দুই খণ্ডে বিভক্ত ১ হাজার ৭০০ পৃষ্ঠার এক বিশাল গ্রন্থ প্রকাশ করেন তিনি। মানুষের যৌক্তিকতা ও বিচারবুদ্ধির বিবর্তন নিয়ে লেখা গ্রন্থটিকে 'পাণ্ডিত্য এবং সংশ্লেষণের এক অনন্য নিদর্শন' হিসেবে অভিহিত করে বোস্টন রিভিউ।

কর্মজীবনে অসংখ্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন হেবারমাস। এর মধ্যে ২০০৭ সালে পাওয়া 'হোলবার্গ ইন্টারন্যাশনাল মেমোরিয়াল প্রাইজ' অন্যতম, যার মূল্য ছিল প্রায় ৫ লাখ ২০ হাজার ইউরো। ২০২১ সালে তিনি সংযুক্ত আরব আমিরাত থেকেও একটি পুরস্কার পান, যার মূল্য ছিল ২ লাখ ২৫ হাজার ইউরো। তবে পরবর্তীতে সেটি প্রত্যাখ্যান করেছিলেন তিনি।