পেরুর প্রত্নতাত্ত্বিক দলের গবেষণায় আবিষ্কৃত হলো ৫০০ বছর আগের হাম্মামখানা। দক্ষিণ আমেরিকার একুয়েডর, চিলি ও পেরু জুড়ে বিস্তৃত ইনকা সাম্রাজ্যের নিদর্শন এটি। সাম্রাজ্যের অভিজাত শ্রেণীর সদস্যরা গোসল করত এখানে। ধর্মীয় আচারের অংশ হিসেবে পরিগণিত হতো সেই গোসল। হুয়ানুকো পাম্পায় খননকার্য চালিয়ে সম্প্রতি বিষয়টি সামনে এনেছেন লুইস প্যারেডেস সানচেজ ও তার সহকর্মী দল। খবর রয়টার্স। 

হুয়ানুকো পাম্পা প্রকল্পের প্রধান লুইস প্যারেদেস সানচেজ বলেন, অবকাঠামোটি ইনকা সভ্যতার প্রশাসনিক কেন্দ্রের স্থাপনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। পরিচ্ছন্নতার কার্যক্রমের বাইরেও সেখানে পূর্বপুরুষের উপাসনা ও ধর্মীয় কার্যপ্রণালি অনুষ্ঠিত হতো। মূল অংশটুকু গড়ে দুই মিটার গভীর। রয়েছে স্বতন্ত্র পানি মজুদ রাখার স্থান ও পানি বেরিয়ে যাওয়ার পথ। যার ফলে দেখতে পাশাপাশি দুটি কুঠুরির রূপ পেয়েছে হাম্মামখানাটি।

হুয়ানুকো পাম্পা প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি খাপাক নান প্রকল্পের অংশ। খাপাক নান প্রায় ২৫ হাজার কিলোমিটার দীর্ঘ রাস্তা। প্রাচীন দক্ষিণ আমেরিকাকে সংযুক্ত করে সৃষ্ট সড়ক ব্যবস্থাটি ২০১৪ সালে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। পেরুতে শত শত প্রত্নতাত্ত্বিক স্থাপনা ছড়িয়ে রয়েছে। ইনকা সভ্যতার রাজধানীতে অবস্থিত মাচুপিচু উপকূলীয় অঞ্চলে আঁকা দেড় হাজার বছরের পুরনো অতিকায় নাজকা লাইন তাদের মধ্যে অন্যতম।