রাশিয়া ও ইউক্রেন পাল্টাপাল্টি বিমান হামলা প্রতিহতের কথা জানিয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার (২০ মার্চ) ভোরে সীমান্তবর্তী এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে দুটো দেশের বেসামরিক নাগরিকরা বাসস্থান ত্যাগ করতে বাধ্য হয়। খবর রয়টার্স।

রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেন থেকে ছোড়া মিসাইল ও ড্রোন ধ্বংস করেছে।

এদিকে রাশিয়ার বোমা বর্ষণের ফলে কিয়েভকে ইউক্রেনের উত্তরপূর্ব সীমান্ত অঞ্চল সুমি থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে চাপ দেয়া হচ্ছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রাম অ্যাপে বলেছে, আকাশ প্রতিরক্ষা ইউনিট মঙ্গলবার রাত ১০টায় বেলগ্রেড অঞ্চলে এক ডজন রকেট ও মিসাইল হামলা রোধ করেছে। কিছুক্ষণ পর তারা আরো দুটো মিসাইলের গতিরোধের কথা জানায়।

তবে ইউক্রেনের ছোড়া মিসাইলে হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাতের বেলা ভিডিও বার্তায় বলেন, এ মাসের শুরু থেকেই রাশিয়া সুমি অঞ্চলে গ্রাম, শহর ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে প্রায় ২০০ বোমা বর্ষণ করেছে।

সুমি কর্তৃপক্ষ বলেছে, মঙ্গলবারেই দিনভর ৩০ টি গোলা বর্ষণ করা হয়েছে। এতে ১ জন নিহত হয়েছেন।