আগামী সপ্তাহে সৌদি আরবে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠক ‘অর্থপূর্ণ’ হবে বলে আশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘দ্রুত ও স্থায়ী’ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কিয়েভ কাজ করে যাচ্ছে। খবর বিবিসি।

বৈঠকের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার একটি কাঠামো নিয়ে আলোচনা করবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

গত শুক্রবার রাতে হোয়াইট হাউজের প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে নাটকীয় অভিজ্ঞতার মুখোমুখি হন জেলেনস্কি। ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে শেষ পর্যন্ত তা হয়নি। সেই জেরে সোমবার ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত করে যুক্তরাষ্ট্র।

এ ঘটনার জন্য মঙ্গলবার দুঃখ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সেই সঙ্গে যুদ্ধের অবসানে ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

এদিকে যেকোনো শান্তি আলোচনার আগে ছাড় দেওয়ার জন্য জেলেনস্কির ওপর যুক্তরাষ্ট্রের তীব্র চাপ রয়েছে। অন্যদিকে ইউক্রেনের রাষ্ট্রপতি কিয়েভের জন্য দৃঢ় নিরাপত্তা গ্যারান্টির জন্য চাপ দিচ্ছেন।