ইসরায়েলি সেনাবাহিনী গাজায় আল-শিফা হাসপাতাল থেকে সেনা প্রত্যাহার করেছে। দুই সপ্তাহের সামরিক অভিযানে হাসপাতাল কমপ্লেক্সের বেশিরভাগ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খবর বিবিসি।

ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) বলেছে, সৈন্যরা সন্ত্রাসীদের হত্যা করেছে। সেখানে অসংখ্য অস্ত্র ও গোয়েন্দা নথি পাওয়া গেছে বলে তারা জানায়।

হামাস হাসপাতালটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আক্রমণ চালাচ্ছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ইসরায়েল। তবে হামাস হাসপাতাল ব্যবহার করে সামরিক কার্যক্রম চালানোর অভিযোগ অস্বীকার করেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোয় গাজার সবচেয়ে বড় হাসপাতালটির চারপাশে প্রবল সংঘর্ষের খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হাসপাতাল কমপ্লেক্সের কাছে কয়েক ডজন মরদেহ পড়ে ছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, গত দুই সপ্তাহে আল শিফা হাসপাতালে ২১ জন রোগী মারা গেছেন। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু বলেছেন, ২০০ এর অধিক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।