কৃষিতে অসাধারণ সাফল্য অর্জন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। সেচের জন্য নবায়নযোগ্য পানির ব্যবহারে বিশ্বের বৃহত্তম খামারের স্বীকৃতি পেয়েছে দেশটির গবেষণা ইউনিটের একটি প্রকল্প। প্রকল্পটি আসির অঞ্চলের ওয়াদি বিন হাশবালে অবস্থিত। খবর গালফ নিউজ।
৩২ লাখ বর্গমিটারের বিশাল এলাকাজুড়ে বিস্তৃত কৃষি প্রকল্পটি দুটি ভাগে বিভক্ত। প্রতি ভাগে রয়েছে পাঁচ লাখ লিটার ধারণক্ষমতা সম্পন্ন পানির ট্যাংক। সেচের জন্য রয়েছে স্বয়ংক্রিয় ব্যবস্থা। এছাড়া বেশ কয়েকটি কাঠামোর সঙ্গে পাঁচটি শীতাতপ নিয়ন্ত্রিত গ্রিনহাউজও রয়েছে সেখানে।
উৎপাদিত ফসলের সেচের জন্য প্রকল্পটি ব্যবহৃত পানির ওপরই নির্ভর করে। সর্বোচ্চ কৃষিমান নিশ্চিতে সম্পূর্ণ সেচ প্রক্রিয়াটি সতর্কতার সঙ্গে সম্পন্ন করেন বিশেষজ্ঞদের একটি দল। প্রকল্পের অধীনে উৎপাদিত ফলের মধ্যে রয়েছে লেবু, কমলা, ডালিম, আঙ্গুর, ডুমুর, বাদাম ও জলপাই। এছাড়া অন্যান্য শস্যও উৎপাদন করা হয়। আগামীতে ফলের চাষ আরো বিস্তৃত করার পরিকল্পনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।










