চীনভিত্তিক জনপ্রিয় ইলেকট্রনিক্স জায়ান্ট শাওমি। প্রতিষ্ঠানটি তাদের প্রথম ইলেকট্রিক এসইউভি ’ওয়াইইউ সেভেন’ ও নিজস্ব ডিজাইনের ৩-ন্যানোমিটার মোবাইল চিপ উন্মোচন করেছে। এ উদ্যোগের মাধ্যমে শাওমি তাদের বাজেট ডিভাইসের সীমা পেরিয়ে উচ্চ প্রযুক্তির বাজারে প্রবেশের ঘোষণা দিল। খবর সিএনএন।

শাওমির প্রতিষ্ঠাতা ও সিইও লেই জুন বেইজিংয়ে এক লাইভ ইভেন্টে নতুন এসইউভি ও চিপের পাশাপাশি ট্যাবলেটসহ অন্যান্য পণ্যের পরিচয় করিয়ে দেন। ’ওয়াইইউ সেভেন’ গাড়িটি আগামী জুলাই থেকে বাজারে আসবে। যা একবার চার্জে সর্বোচ্চ ৮৩৫ কিলোমিটার (৫১৮ মাইল) পর্যন্ত চলতে পারবে। শাওমি দাবি করছে, তাদের নতুন মডেল টেসলার ওয়াই ও পোরশের সমমানের গাড়িকে ছাড়িয়ে গেছে।

শাওমি উন্মোচিত নতুন চিপটিও আপেলের আইফোনে ব্যবহৃত এএইটিন প্রো চিপের চেয়ে উন্নত প্রযুক্তির। এটি গেমিং চলাকালে অ্যাপল চিপের তুলনায় কম তাপ উৎপাদন করে। শাওমির ফিফটিন এস প্রো স্মার্টফোনে এ চিপ ব্যবহার করা হবে। যার মূল্য ৫ হাজার ৪৯৯ ইউয়ান। শাওমি এই চিপ উন্নয়নে ১৩ দশমিক ৫ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে।

লেই জুন বলেন, ‘চিপ নিয়ে যুদ্ধের ক্ষেত্রে আমাদের কোনো বিকল্প নেই।’ এ খাতে আগামী দশ বছরে শাওমি কমপক্ষে ৫০ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করবে বলেও জানান তিনি।

শাওমির এ পদক্ষেপ চীনের প্রযুক্তিগত স্বনির্ভরতার লক্ষ্যের অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে দেশটি বিদেশী প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে চায়।

চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি শাওমির নতুন চিপকে ‘বড় সাফল্য’ হিসেবে বর্ণনা করেছে।