ইসরায়েলের সঙ্গে চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল শুক্রবার (৫ এপ্রিল) এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর এপি।

মিসরের প্রেসিডেন্ট ও কাতারের আমিরের কাছে লেখা চিঠিতে একটি চুক্তিতে সম্মত হতে এবং তা মেনে চলার অঙ্গিকার হামাসের কাছ থেকে আদায় করার আহ্বান জানান জো বাইডেন।

এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনালাপে বাইডেন বলেছেন, হামাসের কাছে আটক জিম্মিদের মুক্তির জন্যে সবকিছু করা হবে।

সম্প্রতি গাজায় অস্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে হামাসের কাছে আটক জিম্মি বিষয়ে চুক্তির একটি উদ্যোগ ভেস্তে যায়। এ পরিপ্রেক্ষিতে কায়রোতে নতুন করে আলোচনা শুরুর প্রস্তুতি নেয়া হয়েছে।

হোয়াইট হাউস থেকে শুক্রবার বলা হয়েছে, কায়রোতে সপ্তাহান্তে আলোচনা হবে। তবে এ আলোচনায় মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আবদুল রহমান আল থানি ও মিসরের গোয়েন্দা প্রধান আব্বাস কারমেলের সঙ্গে সিআইয়ের পরিচালক বিল বার্নস যোগ দেবেন কিনা তা নিশ্চিত নয়।