প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। স্থানীয় সময় রোববার (২৪ মার্চ) দেশটির উত্তরাঞ্চলের প্রত্যন্ত অংশে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে। খবর রয়টার্স।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) বলছে, পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত অঞ্চলে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠের ৬৫ কিলোমিটার (৪০ মাইল) গভীরতায় আঘাত হনে ভূমিকম্পটি। যদিও ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছিল সংস্থাটি।

অন্যদিকে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল আম্বুন্টি থেকে ৩২ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে।

এদিকে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, এ ভূমিকম্প থেকে অস্ট্রেলিয়ায় সুনামির কোনো আশঙ্কা নেই।