ইরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা চালানো হয়েছে বন্দর আব্বাসেও। এদিকে যেকোনো মুহূর্তে তেহরানও ইসরায়েলে হামলা চালাতে পারে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। আজ রোববার (১৫ জুন) ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান মুখপাত্র এফি ডিফ্রিন জানিয়েছেন, এই মুহূর্তে তাদের বিমান বাহিনী ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে।

এদিকে ইসরায়েলি আক্রমণের মুখে তাবরিজ এবং ইসফাহানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান। দেশটির গণমাধ্যম জানিয়েছে, সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে ‘ব্যাপক ও ধ্বংসাত্মক’ হামলা চালাতে পারে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও বিভিন্ন সূত্রের বরাতে একই তথ্য দিয়েছে, যা যে কোনো মুহূর্তে শুরু হতে পারে।