ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখার এক জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। প্রায় দুই সপ্তাহ আগে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় তিনি নিহত হন বলে দাবি করেছে ইসরায়েলের রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। নিহত ওই কমান্ডারের নাম মারওয়ান ইসা। তিনি হামাসের সামরিক শাখার ডেপুটি কমান্ডার ছিলেন। খবর আল জাজিরা।
এক টেলিভিশন বিবৃতিতে স্থানীয় সময় ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, ‘আমরা সমস্ত গোয়েন্দা তথ্য যাচাই করেছি। প্রায় দুই সপ্তাহ আগে আমরা যে হামলা চালিয়েছিলাম তাতে মারওয়ান ইসাকে হত্যা করা হয়েছে। অবশ্য গাজা উপত্যকা শাসনকারী ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
অবশ্য গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ঘোষণা করে, ইসরায়েলি হামলায় ইসা নিহত হয়েছে, কিন্তু ইসরায়েল গতকালের আগ পর্যন্ত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।
ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে বলেছিল, তারা ৯-১০ মার্চ মধ্য গাজার একটি ভূগর্ভস্থ কম্পাউন্ডে বিমান হামলার সময় ইসাকে লক্ষ্যবস্তু করেছিল। ইসা হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের দীর্ঘদিনের নেতা মোহাম্মদ দেইফের ডেপুটি ছিলেন।










