ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসের সপ্তাহ পেরোতে চললেও উদ্ধার করা যায়নি প্রায় ৪০ শ্রমিককে। তার ওপর নতুনভাবে ধসের শঙ্কায় বন্ধ করে দেয়া হয়েছে উদ্ধারকাজ। খবর এনডিটিভি ও আল জাজিরা।

ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড এক বিবৃতিতে জানায়, শুক্রবার দুপুরে উদ্ধারকাজ চলার সময় একটি বড় ফাটলের শব্দ শোনা যায়। এতে উদ্ধারকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আরো ধস নামার জোরালো সম্ভাবনা রয়েছে। তাই আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে শ্রমিকদের কীভাবে উদ্ধার করা হবে, তা নিয়ে বিশেষজ্ঞদের একটি বৈঠক ডাকা হয়েছে। শ্রমিকদের নিরাপদে উদ্ধার করে আনতে থাইল্যান্ড ও নরওয়ের দুটি সংস্থার সহায়তা চেয়েছে উত্তরাখণ্ড সরকার। এরই মধ্যে ১৬৫ জন সুড়ঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছেন। আটকে থাকা শ্রমিকদের পাইপের মাধ্যমে খাবার ও পানি সরবরাহ করা হচ্ছে। তবে দীর্ঘ সময় ধরে আটকে থাকায় শ্রমিকদের মানসিক ও শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা।