জীবিত ২০ ইসরায়েলি জিম্মিকে হামাস মুক্তি দিয়েছে। এবার ইসরায়েলের কারাগারে বন্দি প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেয়া শুরু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) ইসরায়েলের কারাগারে থাকা কিছু ফিলিস্তিনিকে নিয়ে একটি বাস এরই মধ্যে গাজায় পৌঁছেছে। মুক্তিপ্রাপ্ত বন্দিদের বহনকারী আরো কিছু বাস গাজার দিকে যাত্রা করেছে। খবর আল-জাজিরা।

স্থানীয় সময় সকাল ৮টা থেকে গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করে হামাস। প্রতিশ্রুতি অনুযায়ী, জীবিত সব জিম্মিকে ইতোমধ্যে মুক্তি দেওয়া হয়েছে। বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেয়া হবে।

আল নাসের হাসপাতালে সৈয়দ দাউদ (৫০) বিবিসিকে বলেন, এটি অনেক আনন্দের দিন। ইসরায়েলি সেনারা একটি চেকপোস্ট থেকে তার ছেলেকে আটক করেছিল। সে মুক্তি পাচ্ছে। আরও অনেকে মুক্তি পাচ্ছে। ফিলিস্তিনিদের কাছে আজকের দিনটি বিশেষ।

আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের অফার সামরিক কারাগার থেকে রামাল্লায় বাস পৌঁছানোর পর বিপুল জনতা উল্লাসধ্বনি করে স্বাগত জানান। মুক্তিপ্রাপ্তদের জড়িয়ে ধরতে দেখা যায় স্বজনদের। এ সময় আবেগঘন পরিবেশ তৈরি হয়।

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ সোমবার ১ হাজার ৭০০ আটক ব্যক্তি এবং ২৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হচ্ছে। মুক্তি পাওয়া বন্দিদের স্বাগত জানাতে পরিবারগুলো জড়ো হয়েছে গাজার রামাল্লায়।