পশ্চিমতীরে বসবাসরত ফিলিস্তিদের বিরুদ্ধে নৃশংসতা বন্ধের আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেসময় সেখানকার বেসামরিক নাগরিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা জারি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন বাইডেন । এছাড়া আবার পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠারও আশ্বাস দেন তিনি। খবর সিএনএন।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে।

ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে বাইডেন লেখেন, ‘এটা খুবই পরিষ্কার যে, ইসরায়েল ও ফিলিস্তিনি জনগণের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা নিরাপত্তা সংকটের অবসান একমাত্র একটি দ্বি-রাষ্ট্র সমাধানের মাধ্যমে সম্ভব।’

বাইডেন আরো বলেন,‘আমি ইসরায়েলের নেতাদের জোর দিয়ে বলেছি, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চরমপন্থী সহিংসতা বন্ধ করতেই হবে এবং যারা সহিংসতা চালাচ্ছে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।যুক্তরাষ্ট্র পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের উপর হামলাকারী চরমপন্থীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারিসহ আমাদের নিজস্ব পদক্ষেপ নিতে প্রস্তুত।’