হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠল যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব অঞ্চল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুসারে, শুক্রবারের (৫ এপ্রিল) ওই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৮। খবর আনাদোলু।

ভূমিকম্পে কেঁপে ওঠে দুই অঙ্গরাজ্য নিউজার্সি ও নিউইয়র্ক। এ বিষয়ে মাইক্রোব্লগিং প্লাটফর্ম এক্সে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল বলেন, ‘ম্যানহাটনের পশ্চিমে একটি ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সারা নিউইয়র্ক জুড়ে এর কম্পন অনুভূত হয়েছে।’

তিনি আরো লেখেন, ভূমিকম্পের প্রভাবগুলো মূল্যায়ন করছে কয়েকটি টিম। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ঘটনা আমরা নিয়মিত বুলেটিনে জানিয়ে দেব।

তবে ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে সিএনএন জানায়, প্রাথমিক ভূমিকম্পের প্রায় ৮ ঘন্টা পরে ৪ মাত্রার কম্পনসহ কমপক্ষে ১১টি আফটারশক অনুভূত হয়েছে।

গত পাঁচ দশকে এই এলাকায় রেকর্ড করা তৃতীয় বৃহত্তম ভূমিকম্প এটি। তবে ২৪০ বছরেরও বেশি সময়ের মধ্যে নিউজার্সির সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল।

এ ভূমিকম্পকে ‘বিরল’ উল্লেখ করে বলা হয়, কয়েকশ মাইল জুড়ে লাখ লাখ মানুষ কম্পন অনুভূব করেছিলেন। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।