ভারতে ট্রাক-মিনিবাস সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২৩ জন। নিহতদের মধ্যে সাতজন নারী ও শিশু। গতকাল ভোররাতে দেশটির মহারাষ্ট্র রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
দুর্ঘটনাকবলিত ওই মিনিবাসে ৩৫ জন যাত্রী ছিলেন। তারা বুলধানা জেলার সাইলানি বাবা দরগা পরিদর্শন করে নাসিকে ফিরছিলেন।
ভারতীয় কর্মকর্তারা জানান, মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলা সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার এবং রাজ্যের রাজধানী মুম্বাই থেকে ৩৫০ কিলোমিটার দূরে এক্সপ্রেসওয়ের ভাইজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাসটি চালানোর সময় এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এতে জাম্বরগাঁও টোল প্লাজার কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এছাড়া অতিরিক্ত যাত্রীও বহন করছিল মিনিবাসটি। ১৭ জন বহনের সক্ষমতা থাকলেও ঘটনার সময় বাসটিতে যাত্রী ছিলেন প্রায় ৩৫ জন।
মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেয়ার কথা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল।










