ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো ৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে ৩৩ হাজার ১৩৭ জনে। এছাড়া গত অক্টোবর থেকে চলা এ হামলায় আহত হয়েছেন আরো প্রায় ৭৬ হাজার ফিলিস্তিনি। খবর আনাদোলু এজেন্সি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় আক্রমণ অব্যাহত রেখেছে এবং গত ২৪ ঘণ্টায় তাদের বর্বর হামলায় অন্তত ৪৬ ফিলিস্তিনি নিহত ও ৬৫ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা থাকায় উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

আনাদোলু বলছে, আন্তর্জাতিক আদালতের অস্থায়ী রায়কে উপেক্ষা করে ইসরায়েল গাজা উপত্যকায় তার আক্রমণ অব্যাহত রেখেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের ৭ অক্টোবর চলা নিরলস এ হামলায় কমপক্ষে ৩৩ হাজার ১৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এছাড়া ইসরায়েলি হামলায় আরো ৭৫ হাজার ৮১৫ জন আহত হয়েছেন।