যুক্তরাষ্ট্র বা অন্য কোনো বিদেশী শক্তির চাপের কাছে রাশিয়া কখনো নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সতর্ক করে বলেছেন, রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা হলে এর জবাব হবে ‘অত্যন্ত কঠোর’।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে পুতিন এ মন্তব্য করেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে যুদ্ধ নিয়ে রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন। এ পদক্ষেপের ফলে বৃহস্পতিবার বৈশ্বিক তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে যায় এবং ভারত রুশ তেল আমদানি কমানোর বিষয়টি বিবেচনা করছে।

প্রেসিডেন্ট পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা রাশিয়ার প্রতি ‘অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ’, যার কিছু প্রভাব পড়বে ঠিকই, তবে তা রাশিয়ার সামগ্রিক অর্থনৈতিক স্থিতি নষ্ট করতে পারবে না। রাশিয়ার জ্বালানি খাত এখনো শক্তিশালী অবস্থানে আছে। পুতিনের ভাষায়, ‘এটি নিঃসন্দেহে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করার একটি প্রচেষ্টা। কিন্তু কোনো আত্মসম্মানবোধসম্পন্ন দেশ বা জনগণ কখনো চাপের মুখে সিদ্ধান্ত নেয় না।’

রুশ প্রেসিডেন্ট বলেন, বিশ্ব জ্বালানি বাজারে ভারসাম্য নষ্ট হলে দাম বেড়ে যাবে, যা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর জন্য অস্বস্তিকর হবে।

প্রসঙ্গত, গত বুধবার যুক্তরাষ্ট্র রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রসনেফট ও লুকওইল–এর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর রাশিয়ার বিরুদ্ধে এটিই প্রথম মার্কিন নিষেধাজ্ঞা।