বিলাসবহুল রোলেক্স ঘড়ির তদন্তে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্টের বাসভবনে অভিযান চালিয়েছেন দেশটির পুলিশ এবং সরকারি কর্মকর্তারা। তার বিরুদ্ধে চলমান একটি দুর্নীতি তদন্তের অংশ হিসেবে শনিবার (৩০ মার্চ) এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে তা সম্প্রচার করা হয় স্থানীয় টেলিভিশন চ্যানেল লাতিনায়। খবর এপি ও বিবিসি।

এপি জানিয়েছে, টেলিভিশনে প্রচারিত ছবিতে তদন্তকারী দলের সরকারি এজেন্টদের প্রেসিডেন্টের বাসভবনে একটি স্লেজহ্যামার নিয়ে প্রবেশ করতে দেখা গেছে। সরকারি বেতনে কীভাবে তিনি এত ব্যয়বহুল ঘড়ি ব্যবহার করতে পারেন সে সম্পর্কে করা প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বলেছিলেন, সেগুলো ১৮ বছর বয়স থেকে করা কঠোর পরিশ্রমের ফল।

বিবিসি বলছে, ২০২২ সালের ডিসেম্বরে দায়িত্ব নেয়ার সময় থেকে সরকারি অনুষ্ঠানগুলোতে তিনি যে বিলাসবহুল ঘড়ি পরতেন সে বিষয়ে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশের পর এই বিষয়ে তদন্ত শুরু হয়।

অবশ্য পেরুর সরকার শনিবারের এই অভিযানকে ‘অসামঞ্জস্যপূর্ণ ও অসাংবিধানিক’ বলে বর্ণনা করেছে। পেরুর প্রধানমন্ত্রী গুস্তাভো আদ্রিয়ানজেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, ‘যে রাজনৈতিক গোলমাল করা হচ্ছে তা গুরুতর। এটি বিনিয়োগসহ সমগ্র দেশকে ক্ষতিগ্রস্ত করছে।’