গাজায় বন্দি ইসরায়েলিদের আগামীকাল শুক্রবারের
(২৩ নভেম্বর) আগে মুক্তি দেবে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আজ বৃহস্পতিবার
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান জাচি হানেগবি।
খবর বিবিসি।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়
থেকে প্রকাশিত বিবৃতিতে তিনি আরো বলেন, আমরা জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা অব্যাহত
রেখেছি।
এর আগে ২১ নভেম্বর দিবাগত রাতে কাতারের
মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের কর্মকর্তারা যুদ্ধবিরতির চুক্তিতে একমত হন। চুক্তিতে
বলা হয়, হামাসের হাতে বন্দি থাকা ৫০ জনের মুক্তির বিনিময়ে গাজায় চারদিন ‘যুদ্ধ স্থগিত’
থাকবে।
অন্যদিকে হামাস দাবি করেছে ওই ৫০ বন্দির
মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দিতে
হবে।
হামাস এর আগে জানিয়েছিল আজ বৃহস্পতিবার
থেকে জিম্মিদের মুক্তি দেয়া শুরু করবে। তবে কেন বিলম্ব হচ্ছে সে ব্যাপারে স্পষ্ট কোনো
বক্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে
জানিয়েছেন, তিনি জানেন না কখন থেকে যুদ্ধবিরতি শুরু হবে।
এদিকে যুদ্ধ বিরতিতে দুইপক্ষ একমত হলেও
গাজায় ইসরায়েলের হামলা থেমে নেই বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
গত ৭ অক্টোবর হামাসের হামলার পর সর্বাত্মক
যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। বেসামরিক বাড়িঘর থেকে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান বা গির্জা-মসজিদ
কিছুই হামলা থেকে বাদ পড়েনি। হাজার হাজার স্থাপনা ধ্বংস হয়ে গেছে। গাজায় আইডিএফের আকাশ
ও স্থল হামলায় নিহতের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। এর মাঝে নয় হাজারের বেশি নারী ও শিশু।
এছাড়া আহতের সংখ্যা ৩০ হাজারের বেশি।
অন্যদিকে হামাসের হামলায় এক হাজার ২০০
জনের মতো ইসরায়েলি নিহত হয়েছেন










