পোপ ফ্রান্সিসের অবস্থা এখনো ‘সংকটজনক’। শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি দীর্ঘস্থায়ী অ্যাজমার মতো শ্বাসকষ্টজনিত সংকটে ভুগেছেন বলে জানায় ভ্যাটিকান। খবর বিবিসি।

এক বিবৃতিতে ভ্যাটিকান বলেছে, পোপের অবস্থা গতকালের তুলনায় আরো খারাপ এবং তাকে রক্ত (ব্লাড ট্রান্সফিউশন) দেয়া হয়েছে। ভ্যাটিকান আরো জানায়, ৮৮ বছর বয়সী পোপ সম্পূর্ণ সজাগ রয়েছেন এবং তিনি তার আর্মচেয়ারে বসে আছেন। তাকে অক্সিজেন দেয়া হচ্ছে। পোপের শারীরিক অবস্থা সম্পর্কে নিবিড় পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।

পোপের দুই ফুসফুসই নিউমোনিয়ায় আক্রান্ত। বর্তমানে তিনি রোমের জেমেলি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার রক্তে অণুচক্রিকার (প্লেটলেট) মাত্রা কম থাকার কারণে তাকে রক্ত দেয়া হয়েছে বলে জানায় ভ্যাটিকান। বিবৃতিতে ভ্যাটিকান বলেছে, পোপের অবস্থা এখনো সংকটজনক। তিনি এখনো বিপদমুক্ত নন।

প্রসঙ্গত, নিউমোনিয়া ও ফুসফুসে সংক্রমণ নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি রোমের জেমেলি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন পোপ ফ্রান্সিস। তিনি দীর্ঘদিন ধরেই হাঁপানিজনিত শ্বাসকষ্টে ভুগছিলেন। শ্বাসযন্ত্রের সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়।

এছাড়া, পোপের শ্বাসনালীতে পলিমাইক্রোবিয়াল সংক্রমণও পাওয়া গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা খুবই খারাপ এবং তিনি কোনোভাবেই বিপদমুক্ত নন। ফ্রান্সিসের শরীরে সেপসিসের (গুরুতর রক্ত সংক্রমণ) আশঙ্কা করছেন চিকিৎসকরা।