সিরিয়ার একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ রোববার (৯ এপ্রিল) হামলার বিষয়টি স্বীকার করেছে জেরুজালেম। খবর বিবিসি।

ইসরায়েল বলছে, গোলান মালভূমিতে ছয়টি রকেট হামলা চালায় সিরিয়ার সেনাবাহিনী। এরপর দেশটির একটি সামরিক  স্থাপনা ও রকেট লঞ্চারে আঘাত হানার জন্য আর্টিলারি ও ড্রোন ব্যবহার করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, তিনটি রকেট ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করেছে। দুটি আঘাত হেনেছে খোলা মাঠে। অন্যটি বাধাপ্রাপ্ত হয়।

ফেসবুকে দেওয়া এক পোস্টে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেছেন, বিমান প্রতিরক্ষা বাহিনী আক্রমণের জবাব দিয়েছে ও সফলভাবে কিছু ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়েছে। তবে বস্তুগত ক্ষতি ছাড়া কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রাজধানী দামেস্কের কাছে বিস্ফোরণের খবর দিয়েছে।

এর আগে সিরিয়ার ভূখণ্ড থেকে রকেট ছোড়ার পর গোলান মালভূমিতে বিমান হামলার সাইরেন বেজে উঠে। তবে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আজ ভোরে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, তাদের ভূখণ্ডে ঘটা সব কর্মকাণ্ডের জন্য সিরিয়া দায়ী। ইসরায়েল তার সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো প্রচেষ্টাকে মেনে নেবে না।

১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। ১৯৮১ সালে এলাকাটিতে নিজেদের সীমানায় সংযুক্ত করলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগই স্বীকৃতি দেয়নি।

এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই নতুন হামলার ঘটনা ঘটল। গত ৭ এপ্রিল গাজা ও দক্ষিণ লেবাননে হামাসের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত আনে ইসরায়েল। বলা হচ্ছিল, আগের দিন উত্তর ইসরায়েলে ৩৪টি রকেট নিক্ষেপের প্রতিক্রিয়া জানিয়েছে তারা।

এদিকে রমজানের শুরু থেকে আল-আকসা মসজিদ ঘিরে উত্তেজনা চলছে।