চলতি অর্থবছরে মালদ্বীপের ওপর থেকে নির্দিষ্ট কিছু পণ্যের রফতানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। এর মধ্যে চাল, ডাল, আলু, ডিম, পেঁয়াজ, গমের আটা ও চিনির মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য অন্তর্ভুক্ত। আজ শুক্রবার (৫ এপ্রিল) নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারত। খবর দ্য হিন্দু।

দেশটির ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) একটি বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৪-২৫ অর্থবছরে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির অধীনে মালদ্বীপে রফতানির অনুমতি দেয়া হয়েছে। অনুমতি পাওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে ডিম, আলু, পেঁয়াজ, চাল, আটা, চিনি, ডাল, পাথর ও নদীর বালি। এই পণ্যগুলোর ক্ষেত্রে চলমান রফতানি বা ভবিষ্যতে রফতানির ওপর নিষেধাজ্ঞা/নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পাবে মালদ্বীপ।

এ পণ্যগুলোর ওপর ভারতের রফতানি সীমাবদ্ধতা বা নিষেধাজ্ঞা রয়েছে।

মালদ্বীপে রফতানির জন্য অনুমোদিত নির্দিষ্ট পরিমাণের মধ্যে রয়েছে আলু ২১ হাজার ৫১৩ টন, পেঁয়াজ ৩৫ হাজার ৭৪৯, চাল ১ লাখ ২৪ হাজার ২১৮, আটা ১ লাখ ৯ হাজার ১৬২, চিনি ৬৪ হাজার ৪৯৪, ডাল ২২৪, পাথর ১০ লাখ ও নদীর বালি ১০ লাখ টন।