ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরসায়েল। ইরানের তাসনিম নিউজ এজেন্সি ও তেহরান টাইমস জানিয়েছে, এ হামলায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইরজিসি) কমান্ডার-ইন-চিফ হোসেইন সালামি নিহত হয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়হু জানিয়েছেন, যতক্ষণ প্রয়োজন হবে ততক্ষণ এই হামলা অব্যাহত থাকবে। হামলার খবর প্রকাশের পর ইরানি কর্তৃপক্ষ তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করেছে।

সিএনএন বলছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার-ইন-চিফ জেনারেল হোসেইন সালামি ইসরায়েলের রাতভর চালানো বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে একাধিক ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। শুক্রবার সকালে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ও সংবাদ সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, রাজধানী তেহরানে আইআরজিসি-এর সদর দপ্তরে হামলার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন।

হোসেইন সালামি ২০১৯ সাল থেকে বিপ্লবী গার্ডস বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং ইরানের পরমাণু ও সামরিক কৌশল নির্ধারণে ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার নেতৃত্বেই ইরান আঞ্চলিক প্রভাব বিস্তারে একাধিক সামরিক কার্যক্রম চালিয়ে এসেছে, বিশেষত ইরাক, সিরিয়া ও লেবাননে।