দুই মাসের বেশি সময়ে গাজা ও পশ্চিম তীরে
ইসরায়েলি হামলায় অন্তত তিন হাজার ৭১৪ ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার
(১৪ ডিসেম্বর) স্থানীয় শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু।
মন্ত্রণালয় বলছে, গাজা উপত্যকায় তিন হাজার
৬৭৯ জন শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে পাঁচ হাজার ৪২৯ জন। অন্যদিকে পশ্চিম তীরে
প্রাণ হারিয়েছে ৩৫ জন। আহত হয়েছে ২৭১ শিক্ষার্থী।
ইসরায়েলি বাহিনী গত ৭ অক্টোবর থেকে এ
পর্যন্ত পশ্চিম তীরে ৮২ ফিলিস্তিনি ছাত্রকে আটক করেছে।
মন্ত্রণালয় আরো বলছে, গাজা উপত্যকায় ২০৯
শিক্ষক ও কর্মকর্তা নিহত এবং ৬১৯ জন আহত হয়েছেন। এছাড়া পশ্চিম তীরে দুজন আহত ও ৬৫
জন গ্রেফতার হয়েছেন।
একই সময়ে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায়
২৭৮টি সরকারি স্কুল ও ৬৫টি জাতিসংঘ পরিচালিত স্কুলে বোমাবর্ষণ করেছে।
৭ অক্টোবর হামাসের সীমান্ত পেরিয়ে আক্রমণের
পর থেকে গাজায় আকাশ ও স্থল অভিযান চালিয়ে আসছে ইসরায়েলি। বিরামহীন বোমা বর্ষণের পাশাপাশি
অঞ্চলটির ওপর অবরোধ আরোপ করেছে।
গতকাল বৃহস্পতিবার হামাস নিয়ন্ত্রিত গাজার
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৮ হাজার ৭৮৭ ফিলিস্তিনি নিহত
এবং ৫০ হাজার ৮৯৭ জন আহত হয়েছেন। নিহতের ৭০ শতাংশ নারী ও শিশু।
অন্যদিকে হামাসের হামলায় প্রায় এক হাজার
২০০ ইসরায়েলি নিহত হয়েছে। জিম্মি হিসেবে বন্দি রয়েছেন প্রায় ১৩৯ জন।










