যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। শুক্রবার (২৭ জুন) বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

আরাঘচি বলেন, আমরা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ছিলাম, তখন তারা ইসরায়েলের হামলার পেছনে সমর্থন দিয়ে সরাসরি আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর আঘাত হেনেছে।

তিনি আরো বলেন, সাম্প্রতিক আলোচনায় তারা আমাদের জাতীয় অধিকার ছিনিয়ে নিতে চেয়েছিল। এরপর যুদ্ধ চাপিয়ে দেয় এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে হামলার জন্য উস্কে দেয়।

আরাঘচি বলেন, আলোচনার সময় যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রতিশ্রুতি ভেঙেছে, যা ভবিষ্যতে ইরানের কূটনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করবে। তবুও, কূটনীতি চালু আছে। আমি এখনও অনেক দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রাখছি।

গত ১৩ জুন ইরানের সামরিক, পারমাণবিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পাল্টাপাল্টি হামলায় ইরানের অন্তত ৬০৬ জন নিহত ও ৫ হাজার ৩৩২ জন আহত হন। আর ইসরায়েলের ২৯ জন নিহত এবং ৩ হাজার ৪০০ জনেরও বেশি আহত হয়।

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ২২ জুন ভোরে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর গত ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘর্ষের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।